জঙ্গিদের দর্শনকে নির্মূল করতে হবে: নৌমন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৮:৪২
 
নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিদের হত্যা করে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। তাই তাদের দর্শনকে নির্মূল করতে হবে।
 
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) 'জঙ্গিবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
সভায় নৌমন্ত্রী বলেন, হলি আর্টিজানে জঙ্গিরা 'আল্লাহু আকবর' বলে মানুষকে জবাই করেছে। কিন্তু আইএস তো শিরশ্ছেদ করে। আর এই থেকে প্রমাণিত হয় জামায়াত-শিবিরই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যারা জঙ্গিদের মদদ দিচ্ছে তাদের দ্রুত চিহ্নিত করা হবে।
 
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম শক্তিশালী একটি মাধ্যম। আর ধর্মে যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই তা গণমাধ্যমকেই তুলে ধরতে হবে। আমি জানি সাংবাদিকদের একটি নীতি আছে। তাই বলতে চাই, অতীতের পেট্রলবোমা হামলার মতো কোনো ঘটনার আগাম সংবাদ আপনারা পেলে আমাদের জানাবেন।
ইত্তেফাক/এএম।