বিদায়ের ঘোষণা দিলেন দিলশান

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৮:৫০
 
সাদা পোশাককে আগেই না বলেছিলেন। এবার রঙিন পোশাককেও বিদায় বললেন শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। অস্ট্রেলিয়ার সঙ্গে চলতি সফর শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন ৩৯ বছর বয়সী দিলশান। আগামী রবিবার ডাম্বুলায় সিরিজের তৃতীয় ম্যাচটিই হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ওয়ানডে। দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলবেন আগামী ৯ সেপ্টেম্বর।
 
২০১৩ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু তারপরও গত বছর ওয়ানডেতে নিজের সেরা বছরগুলোর একটি কাটিয়েছেন, করেছেন ১২০৭ রান। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান ছিল তাঁর। ২০১৩ সাল থেকে ওয়ানডেতে গড় ৪৯.১৮। এখন পর্যন্ত ৩২৯টি ওয়ানডে খেলে করেছেন ১০২৪৮ রান, নিয়েছেন ১০৬ উইকেট। ৭৮টি টি-টোয়েন্টিতে করেছেন ১৮৮৪ রান।
ইত্তেফাক/এএম।