আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, 'জাতির পিতার হত্যাকারী কারা এবং কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে নতুন প্রজন্মের সুস্পষ্ট ধারণা থাকা উচিত।'
তিনি বলেন, 'এ জন্য একটি তদন্ত কমিশন করে দেশী-বিদেশী কারা জড়িত ছিল তা বের করা উচিত। তাহলেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।' তিনি আরো বলেন, 'বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া কয়েকজন বিপথগামী সেনা কর্মকর্তার বিচার হলেও প্রকৃত ষড়যন্ত্রকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।'
তিনি বৃহস্পতিবার দুপুরে নগরীর ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হানিফ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, 'বিএনপি কান্নার দল নয়। তারা জাতিকে বারবার কাঁদিয়েছে। খুনিদের চোখে কান্না মানায় না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ জাতিকে কাঁদিয়েছিল।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ১৯ বার হামলা চালানো হয়েছে। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি দেশের মানুষকে কাঁদিয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে হত্যা করেছে বলেও তিনি আলোচনা সভায় মন্তব্য করেন।
ফখরুলের উদ্দেশে হানিফ আরো বলেন, '২০০১ সালে বিএনপি সরকারের সময় আপনি মন্ত্রী ছিলেন। সেসময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের যখন নির্বিচারে হত্যা করা হয়েছিল তখন আপনাদের অনুভূতি কোথায় ছিল?' খবর- বাসস।
ইত্তেফাক/এসএস
