কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
সিআইডি-কুমিল্লার পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহিমের স্থলে সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) জালাল উদ্দীন আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার তাকে এ দায়িত্ব দেয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এএসপি জালাল উদ্দীন আহমেদ।
এর আগে সিআইডি-কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ও মামলার তদারক কর্মকর্তা ড. মো. নাজমুল করিম খান বদলির পর গত ২৫ জুলাই এ পদে যোগদান করেন শাহরিয়ার রহমান।
বৃহস্পতিবার রাতে এএসপি জালাল উদ্দীন আহমেদ বলেন, ‘তনু হত্যা মামলা একটি স্পর্শকাতর মামলা। মামলাটির অগ্রগতির জন্য সর্বাত্মক চেষ্টা করবো।’
তনুর মা আনোয়ারা বেগম বলেন, যাকেই তদন্তকারী কর্মকর্তা দেয়া হোক না কেন তাতে আমাদের আপত্তি নেই। আমরা চাই মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের যেনো শনাক্ত করা হয় এবং ঘাতকদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে পারি- এর বেশি কিছু চাই না।’
উল্লেখ্য গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। ২১ মার্চ কুমিল্লা মেডিলেল কলেজে তার প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা। ওই দিন অজ্ঞাতদের আসামি করে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন।
ইত্তেফাক/ইউবি
