মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, 'মাদার তেরেসা বেঁচে আছেন বাঙালির হৃদয়ে। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের মুক্তিযোদ্ধা ক্যাম্পে এবং বিভিন্ন আশ্রয় শিবিরে মাদার তেরেসার সাহায্য-সহযোগিতা এবং বিশ্ব জনমত গঠনে তার ভূমিকা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।'
বাংলাদেশের স্বাধীনতা-উত্তরকালে বীরাঙ্গনা ও পাক হানাদার বাহিনীর কাছে নির্যাতিতাদের সাহায্য-সহযোগিতায় মাদার তেরেসা এগিয়ে এসেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, 'মহান মুক্তিযুদ্ধে মাদার তেরেসার অসামান্য অবদান বাঙালির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।'
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে মাদার তেরেসার ১০৬তম জন্মদিবস উপলক্ষে গণবন্ধু সামাজিক সংস্থা বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত 'আমাদের মুক্তিযুদ্ধে মাদার তেরেসার অবদান' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ ও চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র।
লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে। মাদার তেরেসা মানবতার কল্যাণে কাজের মাধ্যমে বেঁচে থাকবেন চিরকাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির আজন্ম লালিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বেঁচে আছেন।
ইত্তেফাক/এসএস
