জিয়া স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করেছে: তোফায়েল

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৭:১১

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশের স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করেছে। খালেদা জিয়া ক্ষমতায় এসে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা দিয়েছে এবং স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছে। বঙ্গবন্ধুর খুনি রশিদকে খালেদা জিয়া পার্লামেন্টের সদস্য করেছে। যার কারণেই আজ বিএনপির পতন হয়েছে।

শনিবার সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের তৃনমূল কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব, নুরের আপত্তি

তোফায়েল আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙ্গালী জাতির জন্য যা রেখে গেছেন, তা আমরা কোনদিন শোধ করতে পারবো না। তার ঋণ কিছুটা শোধ করার জন্য ১৯৬৯ এ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। এক সময়ে এই ভোলা কি ছিল, আজ সেই ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেরফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচ