ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে ইতালিতে

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৮:০৬
ইতালিতে ভূমিকম্পের তিনদিন পেরিয়ে যাওয়ায় পর ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষদের উদ্ধারের আশা ক্রমশ ফিকে হয়ে এসেছে। এরপরও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বেশ জোরেশোরেই। এরই মধ্যে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালি সরকার।
 
ইতালির মধ্যাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় ৪০০ জন। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাজার হাজার উদ্ধারকর্মী। পার্বত্য এলাকার  গ্রাম ও শহরগুলোতে এই ভূমিকম্প হওয়ায় উদ্ধারকাজ খুব কঠিন হয়ে পড়েছে।
IMG0
IMG1
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হতাহতদের অনেকেই শিশু। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৭ ঘণ্টা পর ১০ বছরের এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করেছে। দমকল বিভাগের কর্মকর্তা লরেঞ্জো  বট্টি জানান, তাদেরকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার তত্পরতা চালিয়ে যেতে হচ্ছে। এ অবস্থায় ধ্বংসস্তূপে কাউকে জীবিত অবস্থায় পাওয়ার সুযোগ কম। তবু এখনও তারা জীবিত উদ্ধারের আশায় বুক বেঁধে তত্পরতা চালিয়ে যাচ্ছেন।
 
এদিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভবন নির্মাণের মান নিয়ে ইতালির গণমাধ্যমগুলোতে সমালোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির ঐতিহাসিক শহরগুলোতে ভূমিকম্পরোধী ভবন নির্মাণ বিধিমালা মানা হয় না। এরকম অবস্থায় নিম্নমানের ভবন নির্মাণ নিয়ে সমালোচনা ঠেকাতে ‘ইতালিয়ান হোমস’ নামে নতুন এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। -বিবিসি ও রয়টার্স
 
ইত্তেফাক/এমএএস