উ. কোরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিবেচনা করছে জাতিসংঘ

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৮:৫২
উত্তর কোরিয়ার ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করেছে। বৈঠকে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার বিষয় বিবেচনা করতে সম্মত হয়েছে পরিষদ। জাপানের দিকে তাক করে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
 
চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করা মালয়েশিয়ার রাষ্ট্রদূত রামলান বিন ইব্রাহিম বলেন, ‘নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানোর পক্ষে রয়েছে। তবে বিবৃতিটা কিভাবে দেয়া যায় সেটি নিয়ে তারা ভাবছেন।’
 
যুক্তরাষ্ট্র ও জাপানের আবেদনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে। এ মাসের গোঁড়ার দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর সমালোচনা করে টোকিও। তবে চীনের বাধার কারণে তখন নিন্দা জানাতে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ। -এএফপি
ইত্তেফাক/এমএএস