যেকোনো সময় পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৯:০৩
 
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বাড়ছে। বিপদসীমা ছাড়াতে যাচ্ছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড।
 
শুক্রবার দুপুরে কুষ্টিয়ার পদ্মা নদীতে পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ০৬ সেন্টিমিটার। পানি বিপদসীমা থেকে মাত্র পয়েন্ট ১৯ সেন্টিমিটার দূরে।
 
পাউবো সূত্রে জানা গেছে, পদ্মানদীতে পানির বিপদসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। গত ১৮ আগস্ট পদ্মায় পানির মাত্রা ছিল ১৩ দশমিক ৩২ সেন্টিমিটার। ১৯ আগস্ট ছিল ১৩ দশমিক ৪০ সেন্টিমিটার। ২৫ আগস্ট ছিল ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার। পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রধান শাখা গড়াই ও মাথাভাঙ্গা নদীর পানিও বাড়ছে।
 
ভারতের বিহার রাজ্যে প্রবল বৃষ্টির কারণে ফারাক্কা বাঁধের সব গেট তারা খুলে দিয়েছে। সেই পানির কারণে পদ্মার পানি বাড়ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
 
এদিকে পদ্মায় পানি বাড়ার ফলে উপজেলার রামকৃঞ্চপুর ইউপির নিম্নানঞ্চল সমপূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে।
 
কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী নৈমূল হক জানান, ‘যে গতিতে পানি বাড়ছে, এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে।’
 
তিনি আরো জানান, পদ্মা নদীর গুরুত্বপূর্ণ এলাকা ও বাঁধগুলোতে নজর রাখা হচ্ছে।
 

ইত্তেফাক/এএম।