বগুড়ার কাহালু উপজেলায় কৃষিভিত্তিক একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কারখানায় হানা দিয়ে ডাকাতদল কারখানাটির নৈশ প্রহরীকে হত্যা করেছে। এ সময় তারা অপর প্রহরীকে পিটিয়ে মারাত্মক আহত করেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া নামক এলাকায় মেসার্স এ রহমান মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের কারখানায় এ ঘটনা ঘটে। নিহত জোব্বার আলী (৬০) ইউনিয়নের ভাগদুবড়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে ও আহত আব্দুল মান্নান (৫৮) মুরইল মিয়াপাড়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে।
ডাকাতদল কারখানাটির ১১টি বৈদ্যুতিক মোটর, ড্রিল মেশিনের মোটর, পাঁচটি সিসি ক্যামেরা ও কম্পিউটার লুটে নিয়েছে। এছাড়া আলমারি ভেঙ্গে ব্যাংকের চেক, জমা বই এবং কর্মচারীদের রেজিঃ খাতা নিয়ে পিছনের পকেট গেটের তালা ভেঙ্গে পালিয়ে যায়। লুণ্ঠনকৃত মালামালের মূল প্রায় সাত লক্ষ টাকা।
আহত নৈশ প্রহরী আব্দুল মান্নান জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ট্রাক নিয়ে আসা মুখে কালো কাপড় বাঁধা এবং হাফ প্যান্ট পরিহিত ছয়/সাতজনের ডাকাতদলটি প্রথমে কারখানার প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে ঘুমন্ত আবস্থায় তার মাথায় রড জাতীয় কিছু দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় জোব্বার আলী চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতদল তার হাত-পা বেঁধে তার মাথায় একই কায়দায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান।
পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতদের চিনতে পারায় জোব্বার আলীকে মেরে ফেলা হয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, এ জায়গা নিয়ে বিরোধ চলছিল।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
