ফরিদপুরে আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম এবং জিহাদি বইপুস্তকসহ আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২২টি হাতবোমা, বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট, বিভিন্ন বই পুস্তক, একটি ল্যাপটপ ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন চশমা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানানো হয়।
পুলিশ সুপার জামিল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ থেকে পালিয়ে আসা বিস্ফোরক মামলার আসামি নাহিদ মোল্লাকে শুক্রবার রাতে জেলার ভাঙ্গা উপজেলা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যানুসারে আনাসারউল্লাহ বাংলা টিমের ফরিদপুর অঞ্চলের দলনেতা ফরিদ মৃধাকে সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর থেকে গ্রেফতার করা হয়। পরে একই উপজেলার মটুকচর ও চরবিষ্ণুপুর থেকে শহিদুল ইসলাম ও মসসিন মোল্লাকে গ্রেফতার করা হয়।
তাদের দেয়া তথ্যমতে চরভদ্রাসন উপজেলার আমীরাবাদ বাজারে ফরিদ মোল্লার দোকান থেকে আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে আনসারউল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে ফরিদপুরের সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
