রাজধানীর গুলিস্তানে পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুজা উদ্দিন তালুকদার (৩৮)। এসময় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। তাকে গুলি করা হয়। বাম পায়ের উরুতে গুলি লাগে তার।
একই সময় জাহিদুল ইসলাম সোহাগ (৪০) নামে আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন। তারা দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পথচারী মনির হোসেন বলেন, হঠাৎ তিনি দেখেন একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে সুজা উদ্দিনের ব্যাগ ছিনিয়ে নিতে চায়। সুজা ব্যাগ দিতে না চাইল তাদের মাঝে ধস্তাধস্তি হয়। এসময় ছিনতাইকারীরা গুলি করলে আহত হয়ে পড়ে যান সুজা। তিনি সুজাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
জানা গেছে, গুলিবিদ্ধ সুজা উদ্দিন নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী কর্মকর্তা। আর আহত জাহিদুল ইসলাম সোহাগের বাড়ি শরিয়তপুরে। তিনি নিজেকে ট্রাকচালক বলে দাবি করেছেন।
পুলিশ বলছে, সুজা উদ্দিনের কাছ থেকে মূল্যবান কাগজপত্র ও ব্যাংকের চেক ছিনতাই করতে গিয়েছিলেন সোহাগ। এসময় তিনি সুজা উদ্দিনকে গুলি করেন। সেই গুলিতে নিজেও আহত হন। এ ঘটনায় সোহাগকে আটক করা হয়েছে।

গুলিবিদ্ধ সুজা উদ্দিন তালুকদার। ছবি: সংগৃহীত
ঘটনার পর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আসে। তারা গুলিবিদ্ধ দুজনের সঙ্গে কথা বলেন।
আরো পড়ুন: উল্টো পথের বাসচাপায় শিক্ষার্থী নিহত
ওসি মাহমুদুল হক বলেন, সুজা উদ্দিন অফিসের কাজে ফুটপাত দিয়ে হেঁটে নবাবপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে দুজন মোটরসাইকেল আরোহী তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে নেমে সুজা উদ্দিনের হাতে থাকা ব্যাগ ধরে টান দেন সোহাগ। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ব্যাগটা নিতে না পেরে পিস্তল বের করে সুজা উদ্দিনের পায়ে গুলি করেন সোহাগ। ধস্তাধস্তির সময়ে সোহাগের নিজের বাম পায়ের উরুতে গুলি লাগে। বর্তমানে তাকে আটক দেখিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোহাগ একজন ছিনতাইকারী।
গুলিবিদ্ধ সুজা উদ্দিন বলেন, তার ব্যাগে মূল্যবান কাগজপত্র ও চেক ছিল। কিন্তু নগদ টাকা ছিল না। তার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ

