রিও প্যারালিম্পিকে শরণার্থী দলে ইরান-সিরিয়ার অ্যাথলেট

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৭:৪২
 
আগামী মাসে রিওতে অনুষ্ঠিতব্য প্যারালিম্পিক গেমসে শরণার্থী দলে একজন সিরিয়ান সাঁতারু ও একজন ইরানিয়ান ডিসকাস থ্রোয়ার অংশ নিতে যাচ্ছেন। নিজ নিজ দেশ থেকে পালিয়ে গিয়ে এই দুজন সীমান্তের কাছে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন।
 
২৭ বছর বয়সী ইব্রাহিম আল হুসেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সংগঠিত একটি রকেট হামলায় পা হারিয়েছিলেন। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এবারের প্যারালিম্পিক গেমসে তিনি ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে অংশ নিবেন।
 
হুসেন সিরিয়া থেকে পালিয়ে গ্রীসে আশ্রয় নিয়েছিলেন। গত এপ্রিলে এথেন্সে শরণার্থী ক্যাম্প পার হবার সময় নতুন হোমল্যান্ড গ্রীসের হয়েই তিনি অলিম্পিকের টর্চ বহন করেছেন। প্যারালিম্পিকে অংশগ্রহণের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হুসেন বলেছেন, আমি দারুণ খুশী, এখনো আমি ভালভাবে বসতে পারিনা, ঠিকমত ঘুমাতে পারিনা। প্যারালিম্পিক আমার স্বপ্ন পূরণ করেছে। গ্রীসে আসার পরে এক চিকিৎসকের অধীনে হুসেনের শরীরে কৃত্রিম পা প্রতিস্থাপন করা হয়েছে। দুই পা দিয়ে তিনি যেভাবে সাঁতরাতে পারতেন তার থেকে অল্প কিছু সময় পরে তিনি কৃত্রিম পা দিয়ে নিজের ইভেন্ট শেষ করার দক্ষতা অর্জন করেছেন।
 
অন্যদিকে ইরানিয়ান বংশোদ্ভূত শাহরাদ নাসাপুর সেরেব্রাল পালসিতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন।
 
গত মাসে রিও ডি জেনিরোতে শেষ হয়ে যাওয়া গ্রীষ্মকালীণ অলিম্পিকের মত এবারই প্রথমবারের মত প্যারালিম্পিকে শরণার্থী দল অংশ নিচ্ছে। এবারের আসরে ৪,৩০০রও বেশী প্যারা-অ্যাথলেটের অংশ নেবার কথা রয়েছে। বাসস।