অলিম্পিক ফুটবল দলের তিনজনকে জার্মান জাতীয় দলে ডাক

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৭:৫৩
 
রিও অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের কাছে পরাজিত জার্মান দল থেকে তিনজনকে জাতীয় দলে অন্তর্ভূক্ত করেছেন দেশটির জাতীয় দলের কোচ জোয়াকিম লো। আগামী সপ্তাহে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মান জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে তাদের। এদিকে ৩২ বছর বয়সী তারকা মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইন্সটেইগারকে বিদায় জানানো বিষয়টি নাকচ করে দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
 
ম্যানইউতে নিজের জায়গা ধরে রাখার জন্য শোয়াইন্সটেইগার লড়াই চালিয়ে যাবেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে। যদিও সব কিছুই নির্ভর করছে দলের নতুন কোচ হোসে মরিনহোর ওপর। নিজের ফেসবুক পেজে বিশ্বকাপ বিজয়ী ও জার্মানীর এই অধিনায়ক লিখেছেন, 'ইউনাইটেডই ইউরোপে আমার শেষ ক্লাব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই কথাটাই আমি এই মুহূর্তে বলতে পারি।'
 
আগামী সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে মোয়েচেনগ্ল্যাডব্যাচে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচের দলে ডাকা হয়েছে জুলিয়ান ব্র্যান্ডেট, নিকলাস সুয়েলে ও ম্যাক্স মায়ারকে। এই ম্যাচটি হতে পারে শোয়াইন্সটেইগারের জার্মান জার্সি গায়ে শেষ ম্যাচ। এ পর্যন্ত জার্মানদের হয়ে ১২১টি ম্যাচে খেলেছেন শোয়াইন্সটেইগার। ফিনল্যান্ডের বিপক্ষে শোয়াইন্সটেইগার মরিনহোকে নিজের যোগ্যতার প্রমান দিতে পারেন। লো মূলত বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৪ সেপ্টেম্বর ওসলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দল ঘোষণা করেছেন।
 
এই দল থেকে বাদ পড়েছেন ইনজুরি আক্রান্ত ডিফেন্ডার জেরম বোয়াটেং, স্ট্রইকার মারিও গোমেজ ও লুকাস পোদোলস্কি, মিডফিল্ডার ইকে গুনডোগান ও উইঙ্গার লিরয় সানে ও মার্কো রেয়াস। অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের কাছে পরাজিত দলটির থেকে ১৯ জনের দলে রয়েছেন বায়ার লিভারকুসেনের উইঙ্গার ব্রান্ডেট, হফেনহেইফের ডিফেন্ডার সুয়েরে ও শালকের মিডফিল্ডার মায়ার। লো বলেছেন, ইতোমধ্যে মায়ার ও ব্র্যান্ডেট দলের সাথে অনুশীলন করেছেন। নিজের যোগ্যতা দিয়ে এই তিনজন জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।
 
আসন্ন দুটি ম্যাচের জন্য লো আলাদা করে কোন স্ট্রাইকারের নাম ঘোষনা করেননি। তবে বায়ার্ন মিউনিখের থমাস মুলার ও ডর্টমুন্ড জুটি মারিও গোয়েতজে ও আন্দ্রে শুরেলকে আক্রমন ভাগ সামলানোর দায়িত্ব দেয়া হতে পারে।
 
জার্মান স্কোয়াড:
গোলরক্ষক : বার্নড লেনো, ম্যানুয়েল ন্যুয়ার, মার্ক-আন্দ্রে টার স্টেগান।
ডিফেন্ডার : এমরে কান, ইয়োনাস হেকটর, বেনেডিক্ট হোওয়েডেস, ম্যাটস হামেলস, জসুয়া কিমিট, শাখডোরান মুস্তাফি, নিকলাস সুয়েলে, জোনাথান টাহ।
মিডফিল্ডার : করিম বেলারাবি, জুলিয়ান ব্র্যান্ডেট, জুলিয়ান ড্রাক্সলার, মারিও গোয়েতজ, সামি খেদিরা, টনি ক্রুস, ম্যাক্স মায়ার, থমাস মুলার, মেসুত ওজিল, আন্দ্রে শুরেল, বাস্তিায়ান শোয়াইন্সটেইগার, কেভিন ভোলান্ড ও জুলিয়ান ওয়েইগেল। বাসস।