এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে।'
তিনি বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বেই আমরা আজ মধ্যম আয়ের দেশের দোরগোড়ায়। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।' মন্ত্রী শনিবার ফরিদপুর জেলার সদর উপজেলা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।
উন্নয়নের ধারা বজায় রাখার জন্য তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, '২০০৯ সাল থেকে আমরা ফরিদপুর জেলায় যে উন্নয়ন কর্মকাণ্ড করেছি তা আর কেউ করেনি।'
খোন্দকার মোশাররফ হোসেন জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার কথা উল্লেখ করে বলেন, 'তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা ও এই দেশকে বিশ্বের কাছে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখানোর অপচেষ্টায় লিপ্ত।'
সদর উপজেলা চেয়ারম্যান খোন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম ও এলজিআরডি'র প্রকল্প পরিচালক জয়নুল আবেদিন বক্তব্য রাখেন।
প্রশাসন সূত্র জানায়, পাঁচ কোটি টাকা ব্যয়ে এই উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। সদর উপজেলার ইউএনও সাংবাদিকদের জানান, প্রস্তাবিত 'ইউ' আকারের ভবনটিতে একটি আধুনিক মিলনায়তন ও একটি সভাকক্ষে থাকবে।' দেশে এই প্রথম এ জাতীয় একটি ভবন তৈরি হচ্ছে বলেও তিনি জানান।
ইত্তেফাক/এসএস
