‘কতিপয় স্বার্থান্বেষী ইসলামের নামে বদনাম করছে’

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৯:৩৪
 
পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, ইসলাম শান্তির ধর্ম কিন্তু কতিপয় স্বার্থান্বেষী ইসলামের নামে বদনাম করছে। তারা ইসলাম জানেনা, এক আধটু সুরা মুখস্থ করে মানুষকে জিহাদের পথে ডাকছে, মানুষ হত্যা করছে। 
 
শনিবার বিকালে গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে জঙ্গিবাদ, নাশকতা, মাদকবিরোধী ওলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন অর রশীদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, শহর আওয়ামী লীগের সভাপতি ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। 
 
আইজিপি বলেন, জঙ্গিরা গ্রেফতারের পর তারা ইসলাম বাঁচাতে মানুষ হত্যার কথা বলেছে। তারা বলেছে মৃত্যুর পর তারা বেহেশতে যাবে। নারী জঙ্গিরাও একই কথা বলেছে। তারা সকলে ইসলামের ভুল ব্যাখ্যা পেয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি