বিএসইসির চার সদস্যের কমিটি গঠন

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২০:০৮
পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ারের সঙ্গে গ্রুপের অন্য তিন কোম্পানির একীভূতকরণ, একটি কোম্পানির তালিকাচ্যুতির বিষয়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য বিএসইসি চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।
 
বিএসইসি সূত্রে জানা গেছে, চার সদস্য বিশিষ্ট এ কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে। অবশিষ্ট তিন সদস্য হলেন- পরিচালক মনসুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম ও উপ-পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার। এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
 
জানা গেছে, সামিট পাওয়ারের সঙ্গে সামিট গ্রুপের অপর তিন কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একীভূতকরণে আদালতের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করা হয়নি বলে মনে করছে কমিশন। এদিকে গত বুধবার একই ইস্যুতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, দুই স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএলের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক শেষে সামিট পাওয়ার লিমিটেডের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে  দেশের উভয় স্টক এক্সচেঞ্জ।
 
জানা গেছে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা অনুসারে উচ্চ আদালতে তিন কোম্পানিকে সামিট পাওয়ারের সঙ্গে একীভূতকরণের অনুমোদন চাওয়া হলে শর্তসাপেক্ষে গত ১৪ জুলাই সামিট গ্রুপের তিন কোম্পানির একীভূতকরণের চূড়ান্ত অনুমতি দেন হাইকোর্ট। এর আগে বিধি  মোতাবেক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিরও অনুমোদন  নেয় কোম্পানি দুটি। সামিট পূর্বাঞ্চলের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৩০৯টি শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা। সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৬৬৮টি এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৪৭৫টি শেয়ার দেওয়া হয়। 
 
 
ইত্তেফাক/এমআই