বঙ্গবন্ধুকে ছোট করার জন্যই জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়: নাসিম

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২০:১১
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করার জন্যই তাঁর সাথে জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতার পদক দিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার।
 
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু নিজে তাঁর সরকারের সময়ে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জিয়াকে বীরউত্তম উপাধী দিয়েছিলেন। তাহলে বলেন বঙ্গবন্ধু কি ভাবে তার অবদানকে অস্বীকার করলেন। কিন্তু আপনারা (বিএনপি) কি করলেন? বঙ্গবন্ধুর সাথে জিয়াকে এক কাতারে নিয়ে এলেন।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু যে জিয়াকে পুরস্কার দিলেন সেই জিয়া পরবর্তীতে তাঁর সাথে বেঈমানী করলেন। বঙ্গবন্ধুর খুনিদের জিয়া তার সরকারের সময়ে আশ্রয়-প্রশ্রয় দিলেন। বিভিন্ন দূতাবাসে চাকরির সুযোগ করে দিয়েছিলেন।
 
ইত্তেফাক/এএম।