কিছুদিন আগেও চলচ্চিত্র নিয়ে আলোচনায় ছিলেন কুসুম শিকদার। সেই আলোচনা এখন মোড় নিয়েছে। আবারও ছোটপর্দায় ব্যস্ত হয়ে উঠেছেন এই অভিনেত্রী।
তবে ছোটপর্দা ও বড়পর্দা এই দুই জায়গাতেই উপস্থিতিতে নিজের ক্যারিয়ারের ফোকাসটা আসলে কোথায় পড়ছে? কুসুম বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমার ফোকাসটা অভিনয়ে, পর্দায় নয়। আমি যেমন চলচ্চিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে থাকি, তেমনি নাটকেও। এখানে মূল বিষয়টি গল্প ও আমার চরিত্র। এই দুটি বিষয়ের সমন্বয় ঠিক থাকলে কাজ করা যেতেই পারে।’
কুসুম সম্প্রতি নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন। এজাজ মুন্না পরিচালিত ‘আস্থা’ শিরোনামে এই ধারাবাহিক নাটকটি সম্প্রতি এনটিভিতে প্রচার শুরু হয়েছে। নাটকের এখনকার অবস্থা ও দর্শকদের আগ্রহ প্রসঙ্গে কুসুম বলেন, ‘আমি বলবো না আমাদের নাটকের অবস্থা এখন খুব ভালো, আবারও খুব যে খারাপ তাও কিন্তু নয়। পুরো বিষয়টি বাজেটের কারণে গরমিল হয়ে যাচ্ছে। কারণ ভালো বাজেট না থাকলে একটি গল্পের সার্বিক দিক ফুটিয়ে তোলা সম্ভব হয় না। গল্পের প্রয়োজনে ঠিকঠাক লোকেশন, অতিরিক্ত চরিত্রের প্রয়োজনীয়তা থাকে। স্বল্প বাজেটে যা করা সম্ভব নয়। তাই দেখা যায়, এখনকার একক নাটক বা টেলিফিল্মগুলো নির্দিষ্ট কয়েকটি লোকেশনের মধ্যেই আটকে আছে। আর মূল চরিত্রের বাইরে অন্য চরিত্রগুলোও অল্প। সংশ্লিষ্টরা এই বিষয়ে নজর দিলেই এর সমাধান সম্ভব।’
নাটক ছাড়া চলচ্চিত্রে কাজের কথাও চলছে। সবকিছু ঠিক থাকলে আবারও রূপালি পর্দায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।
