সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সামাজিক, ধর্মীয়, পারিবারিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে করণীয়' শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী এই আহ্বান জানান।
বেসরকারি টেলিভিশন আরটিভি, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এবং শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
নৌ-পরিবহন মন্ত্রী অনুষ্ঠানে আরও বলেন, 'সন্ত্রাস ও জঙ্গিবাদ রাজনৈতিক ব্যক্তিদের মদদ ও শক্তি ছাড়া হতে পারে না। তাই জামাত-বিএনপি মদদে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবেলা করতে হবে।'
শাজাহান খান বলেন, 'এটা স্পষ্ট যে, ইসলামের নামে যা হচ্ছে, তা বিশেষ কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য হচ্ছে। নবীজী মানুষকে হত্যা করা থেকে বিরত থাকতে বলেছেন। কিন্তু জঙ্গি-সন্ত্রাসীরা ইসলামের নামে মানুষ হত্যা করছে।'
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, সংসদ সদস্য মেহজাবিন খালেদ, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, এয়ার কমডোর (অব.) ইসফাক ইলাহী চৌধুরী, প্রতিদিনের সংবাদের সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এসএস
