সাংবাদিকদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে: শিল্পমন্ত্রী

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২২:৫৩
সাংবাদিকতা একটি মহান পেশা উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, 'যারা ভাল সাংবাদিকতা করেন, তাদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে। তাই সাংবাদিকদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সত্য কথা প্রচার করতে হবে।'
 
মাদক ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে আরো শক্তিশালী করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করে তিনি বলেন, 'এ জন্য সাংবাদিকরা সংবাদ প্রকাশের মাধ্যমে ভূমিকা রাখতে পারেন।' মন্ত্রী শনিবার ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্মিত মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
 
২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে কয়েকটি টায়ার পুড়িয়ে আন্দোলন করে একটি গোষ্ঠী, আর কিছু সাংবাদিকরা সেই ছবি তুলে সেটাকে ফলাও করে প্রচার করেছিল বলে মন্তব্য করে আমু বলেন, 'একটি টায়ার পোড়ালেই কি হরতাল-অবরোধ হয়? আমরাও আন্দোলন করেছি কিন্তু আগুন দিয়ে মানুষ হত্যা করিনি। যেটা প্রচার ও প্রকাশ যোগ্যনয় সেই ধরণের সংবাদও আমরা দেখতে পাই, এটা উচিত নয়। সাংবাদিকদের সঠিক সংবাদটি তুলে ধরা প্রয়োজন।'
 
প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ-আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির সহ প্রমুখ।
 
অনুষ্ঠানের শুরুতেই ফলক উন্মোচন করে ঝালকাঠি প্রেস ক্লাবের নবনির্মিত মিলনায়তনের ভবন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ফলক উন্মোচনের পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
 
উল্লেখ্য, ঝালকাঠি প্রেস ক্লাবের নিজস্ব তহবিল থেকে ২০ লাখ টাকা ব্যয়ে এ মিলনায়তন নির্মাণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস