জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণের সৃষ্টি হয়েছে: নাসিম

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ০১:১৬
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণের সৃষ্টি হয়েছে। এ কারণে জঙ্গি বিরোধী অভিযানে এতে সফলতা আসছে। তিনি বলেন,  জঙ্গিদের কোনো রেহাই নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশকে জঙ্গিমুক্ত করতে পারবেন। গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কীভাবে বঙ্গবন্ধু ও জিয়াকে এক কাতারে দাঁড় করানো হলো। স্বাধীনতার পদক দিয়ে বঙ্গবন্ধুকে তুলনা করা হয়েছে একজন সেক্টর কমান্ডারের সঙ্গে। স্বাধীনতার স ষ্টাকে ছোট করার জন্যই তত্কালীন জোট সরকার বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার দেয়।’ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. ড. আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা প্রমুখ।
 
এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু নিজে জিয়াউর রহমানকে তাঁর সরকারের সময়ে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরউত্তম উপাধি দিয়েছিলেন। তাহলে বলেন বঙ্গবন্ধু কীভাবে তার অবদানকে অস্বীকার করলেন?
 
আয়োজক সংগঠনের সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান, কবি ও নাট্যকার কাজী রোজী এমপি, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সম্পাদক রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত প্রমুখ।
 
 

ইত্তেফাক/এএন