উপজেলার সদর ইউনিয়নের তিতাস-ডুমুরিয়া-রামচন্দ্রপুর সড়কের পশ্চিম সোনাউল্লাহ গ্রামের পুকুর পাড় এলাকায় সড়ক নেই। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় ওই এলাকার বাসিন্দাদের। এই বর্ষা মৌসুমে ওই এলাকাটি তলিয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্তমানে বাঁশের তৈরি প্রায় ছয়শ’ ফুট লম্বা সাঁকো দিয়ে ঝুঁকিতে পারাপার হতে হচ্ছে প্রায় শতাধিক পরিবারকে। জানা যায়, উপজেলার পশ্চিম সোনাউল্লাহ গ্রামের পুকুর পাড় এলাকায় বহুদিন থেকে প্রায় শতাধিক পরিবার বসবাস করে আসছে।
স্কুল-কলেজের শিক্ষার্থী, কামার-কুমার, জেলে-তাঁতি, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। কিন্তু সড়কের অভাবে কৃষকের উত্পাদিত কৃষিপণ্য বিক্রি করতে পার্শ্ববর্তী বাজারে নিতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এদিকে ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো সময় সাঁকোটি ভেঙে পড়তে পারে। এ অবস্থায় প্রতিদিন কোমলমতি শিশু-কিশোররা ঝুঁকি নিয়ে ওই সাঁকো দিয়ে পারাপার হচ্ছে।
এছাড়া কোনো ব্যক্তি অসুস্থ হলে বাড়ি থেকে কাঁধে করে উপজেলা সদরের হাসপাতালে নিয়ে যেতে হয়। অনেক সময়ে ওই ব্যবস্থা করতে না পারলে অসুস্থ অবস্থায় তাকে নিজ বাড়িতেই বিনা চিকিত্সায় দুর্ভোগ পোহাতে হয়।
ইত্তেফাক/এএন
