নওগাঁর পোরশায় ২ হাজার বোতল ফেনসিডিল, একটি মাইক্রোবাসসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার সড়ইগাছী বাজার এলাকা থেকে আটক করা হয় তাকে। আটককৃত মাদক ব্যবসায়ী আইয়ুব আলী (৩৫) বগুড়া জেলা সদরের ঠনঠনিয়া মহল্লার আফসার আলীর ছেলে।
রাজশাহী র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আরাফাত হাসান জানান, আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পোরশা উপজেলার ভারতীয় সীমানা থেকে একটি মাইক্রোবাস যোগে মাদকের একটি বড় চালান নওগাঁ হয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। এমন তথ্যের ভিত্তিতে সড়ইগাছী বাজার এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। এ সময় মাইক্রোবাস থেকে ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধারসহ আইয়ুব আলীকে আটক করা হয়।
তিনি আরো জানান, আইয়ুব আলী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাবের কাছে জানিয়েছেন। এ ব্যাপারে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/আরএ
