উইলস লিটল ফ্লাওয়ারের সেই ছাত্রীর মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৯:৩৭
অবশেষে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৪) মারা গেছেন।  শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
গত ২৪ আগস্ট কাকরাইলের স্কুলের সামনে ফুটওভার ব্রিজের উপর উত্যক্তকারী ওবায়দুল খান তাকে ছুরিকাঘাত করে। 
 
ওবায়দুল খান ইস্টার্ন মল্লিকা মার্কেটের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার। রিশার স্কুল ড্রেস বানানোর সময় ক্যাশমেমোতে উল্লেখ করা তার মোবাইল নম্বরের সূত্র ধরে ওবায়দুল খান তাকে প্রায়ই উত্যক্ত করতো।  এক পর্যায়ে রিশা তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। ঘটনার দিন ২৪ আগস্ট দুপুরে স্কুল থেকে ফেরার সময় তাকে ছুরিকাঘাত করে।
 
এ ঘটনায় রিশার মা তানিয়া  আহমেদ বাদী হয়ে রমনা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।  মামলার পরপরই ওবায়দুল পালিয়ে যান। পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি এখনো। 
 
রিশার বাবা কেবল অপারেটর ব্যবসায়ী। রিশাদের বাড়ি পুরান ঢাকার বংশালের সিদ্দিক বাজারে। 
 
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাাতালে রিশার মৃত্যুর পরপরই তার পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিশার বাম পেটে কিডনি আক্রান্ত হয়।  এতে রিশাকে বাাঁচানো সম্ভব হয়নি। 
 
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, ওবায়দুল খানকে গ্রেফতারের চেষ্টা চলছে। 
 
 
ইত্তেফাক/এমএইচ/এমআই