সুজিত সরকারের প্রযোজনায় আগামী সিনেমা 'পিঙ্ক' নিয়েও ইতোমধ্যেই বেশ হইচই শুরু হয়েছে। এই সিনেমায় অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন তাপসী পান্নু, কীর্তি কুলহারি, আন্দ্রিয়া তারিয়াং-এর মতো অভিনেতা-অভিনেত্রীরা। আর সিনেমাটির পরিচালক কলকাতার অনিরুদ্ধ রায়চৌধুরী।
তবে এসব চমক নয়। সিনেমার গল্প কেমন হবে, চিত্রনাট্য কেমন হবে, এসব নিয়ে মানুষের মনে আগ্রহ অবশ্যই রয়েছে। তা মিটবে সিনেমাটি হলে গিয়ে দেখার পরই। তবে চমক সামনে এসেছে তার আগেই। আর তা হলো এই সিনেমায় একসঙ্গে মোট ১০ জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা-কলাকুশলী কাজ করছেন, যা বলিউডের ইতিহাসে বিরল ঘটনা।
এই সিনেমায় অভিনয়ে রয়েছেন অমিতাভ বচ্চন। তিনি মোট ৪টি জাতীয় পুরষ্কার পেয়েছেন (অগ্নিপথ, ব্ল্যাক, পা, পিকুর জন্য)। এছাড়া প্রযোজক সুজিত সরকার এই পুরস্কার পান 'ভিকি ডোন'র সিনেমার জন্য। প্রযোজক রনি লাহিড়িও এই সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন। এদের সঙ্গে রয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। তিনি মোট ২টি জাতীয় পুরস্কার পেয়েছেন।
এছাড়াও এই সিনেমায় রয়েছেন সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র, চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়, সাউন্ড ডিজাইনার বিশ্বদীপ চট্টোপাধ্যায়, সাউন্ড মিক্সার নিহার রঞ্জন সামাল, রি-রেকর্ডিং মিক্সার সিনয় জোসেফ ও সাউন্ড ডিজাইনার দীপঙ্কর জোজো চাকি। এরা সকলেই কেউ একটা, কেউ দুটো, আবার কেউ কেউ তিনটে পর্যন্ত জাতীয় পুরস্কার পেয়েছেন।
এতজন গুণী মানুষ একসঙ্গে একই সিনেমায় কাজ করছেন বলে প্রযোজক সুজিত সরকার সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এতজনকে একসঙ্গে করে কাজ করাতে পারায় তিনি ভাগ্যবান মনে করছেন নিজেকে।
পিঙ্ক সিনেমাটিতে তাপসী পান্নু ও তার বন্ধুরা একদল দুর্বৃত্তের হাতে লাঞ্ছিত হন। একটি মামলায় তাদের আদালতের চক্করে পড়তে হয়। সেখানে দেখা হয় অমিতাভ বচ্চনের সঙ্গে। তারপর নতুন মোড় নেয় সিনেমা। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর।
ইত্তেফাক/এএম
