বাম পায়ের কাফ ইনজুরিতে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানী অল-রাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার স্থানে দলে ডাকা হয়েছে দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। গতকাল লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে পরাজিত হয় সফরকারী পাকিস্তান। এই ম্যাচের পরেই হাফিজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে দলীয় ব্যবস্থাপনা।
৩৫ বছর বয়সী অভিজ্ঞ হাফিজের জন্য এবারের ইংল্যান্ড সফরটা খুব একটা সুখকর হয়নি। ছয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১০২ রান। এরপরপরই চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টে তাকে বিশ্রামে রাখা হয়। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ রয়েছেন অফ-স্পিনার হাফিজ। বুধবার সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পুনরায় দলে ফিরে এলেও মাত্র ১১ রান করে হতাশ করেছেন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে ইংল্যান্ড ৪৪ রানে জয়ী হয়।
এর ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। লড়াইয়ে ফিরে আসতে হাফিজের স্থানে তাই দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার পেসার ইরফানকে। ট্রেন্ট ব্রীজে তৃতীয় ম্যাচে তিনি দলের সাথে যোগ দিচ্ছেন বলে আশা করা হচ্ছে। তবে চিকিৎসার জন্য হাফিজ আপাতত ইংল্যান্ডেই থাকছেন।
পিসিবি’র এক বিবৃতিতে বলা হয়েছে বাম পায়ের পেশীতে ব্যথার অভিযোগ করায় হাফিজের কিছু পরীক্ষা করা হয়। সেখানেই পেশীতে টানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে সীমিত ওভারের বাকি ম্যাচগুলোতে তার আর খেলা হচ্ছে না। ফিটনেস ফিরিয়ে আনার জন্য তাকে ইংল্যান্ডেই রেখে দেবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দলীয় ব্যবস্থাপনা এই সুযোগে নির্বাচক কমিটির কাছে মোহাম্মদ ইরফানের জন্য অনুরোধ জানালে কমিটি তাতে অনুমোদন দেয়।
এ পর্যন্ত ৫৯টি ওয়ানডেতে ৩১.১৪ গড়ে ইরফান ৮১ উইকেট দখল করেছেন। ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ব্রিসবেনে ৩০ রানে ৪ উইকেট প্রাপ্তি এখনো তার সেরা বোলিং পরিসংখ্যান। সর্বশেষ জানুয়ারিতে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন ইরফান। বাসস।
ইত্তেফাক/আরএ
