নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ২শ’ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ ভ্যান এবং তার চালক রাজু (২৫) ও মাদক ব্যবসায়ী রেজোয়ানকে (২০) আটক করেছে। রবিবার (২৮ আগস্ট) ভোরে শহরের রেলওয়ে হাসপাতালের সামনে থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাহাট পুলিশ ফাঁড়ির এটিএসআই তোফায়েল আহমেদ ভোর সাড়ে ৫টার দিকে শহরের রেলওয়ে হাসপাতালের মোড়ে হলুদ রংয়ের ওই পিকআপ ভ্যানটি আটক করে। এ সময় গাড়িটির কেবিনে স্কুল ব্যাগে বিশেষ কায়দায় রাখা দুইশত বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পরে পিকআপ ভ্যানের চালক সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মকছুদ আলমের পুত্র রাজু এবং মাদক ব্যবসায়ী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মোক্তারপুর গ্রামের ডাঙ্গাপাড়ার ইউপি সদস্য জাকারিয়া ওরফে জাকির হোসেনের পুত্র রেজোয়ানকে গ্রেফতার করে। পিকআপ ভ্যানটির মালিক সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম মাদক, পিকআপ ও দুই জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরএ
