ভারতের তারকা অভিনেতা কিং খান খ্যাত শাহরুখ খানের জন্য হরিণের চামড়া দিয়ে তৈর বিশেষ জুতা তৈরির অপরাধে জেলে প্রেরণ করা হয়েছে সেই মুচিকে। এর আগে মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পেশোয়ারে তৈরি হরিণের চামড়ার এই স্যান্ডেল সে শাহরুখ খানকে পাঠাতে চায়।
ডন পত্রিকার রিপোর্ট অনুসারে, শাহরুখ খানের এক বোন নুর জাহান পেশোয়ারে বেড়াতে গিয়ে সেখানে থাকা এক জুতা প্রস্তুতকারীকে এক জোড়া স্যান্ডেল তৈরি করার অনুরোধ জানায় শাহরুখের জন্য। তার ইচ্ছা ছিল ভারতে ফেরত গিয়ে এই স্যান্ডেল শাহরুখকে সে উপহার দেবে। কিন্তু সেই জুতা প্রস্তুতকারী ছিলেন শাহরুখের ভক্ত। আর সে কারণেই তিনি হরিণের চামড়ায় তৈরি এক জোড়া স্যান্ডেল তৈরি করেন। কিন্তু বিষয়টি মিডিয়ার মাধ্যমে জানাজানি হলে তাকে গ্রেফতার করা হয়।
পেশোয়ারের এক পুলিশ অফিসার জানায়, জুতা প্রস্তুতকারী জাহাঙ্গির খান শাহরুখের একজন ভক্ত। সে শাহরুখকে এই জুতা দেয়ার জন্য বিশেষভাবে তৈরি করেছে। কিন্তু বিষয়টি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। আর সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে বন্যপ্রানী সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আসলেই সে হরিণের চামড়া দিয়ে জুতা বানিয়েছে কিনা তা জানতে অভিযোগটি করা হয়েছে। যদি সত্যিই সে হরিণের চামড়া ব্যবহার করে থাকে, তাহলে দেশের আইন অনুসারে তার বিরুদ্ধে জরিমানা সহ অন্য শাস্তি প্রদান করা হবে।
এদিকে অপর এক প্রতিবেদনে জানা যায়, জাহাঙ্গিরকে পুলিশ জামিন দিয়েছে। কিন্তু সেই স্যান্ডেল জোড়া পরীক্ষার জন্য নিয়ে গেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। সোমবার এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করা হবে। ইউএনবি ডটকম ডটবিডি।
ইত্তেফাক/আরএ
