নারায়ণগঞ্জে নিহত জঙ্গিদের আসামি করে মামলা

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২২:০৮
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় নিহত তিনজনসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 
 
নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান রবিবার সকালে এ মামলা দায়ের করেন। 
 
এদিকে বাড়ির মালিক নুরুউদ্দিন দেওয়ানকে গ্রেফতার দেখানো হয়েছে। তথ্য গোপন রাখার কারণে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মাইনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, সন্ত্র্রাস দমন আইনের এ মামলায় ‘নব‌্য জেএমবি’র শীর্ষনেতা তামিম আহমেদ চৌধুরীসহ নিহত তিনজনের কথা রাখা হয়েছে আসামির তালিকায়। তবে বাকি দুজনের নাম সেখানে লেখা হয়নি। অজ্ঞাতপরিচয় ‘আরও অনেককে’ এজাহারে আসামি করা হয়েছে।
 
উল্লেখ্য, জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে শনিবার সকালে পাইকপাড়ার কবরস্থান এলাকার নুরুউদ্দিন দেওয়ানের তিনতলা বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস‌্যরা। 
 
‘হিট স্ট্রং টোয়েন্টি সেভেন’ নামে এক ঘণ্টার ওই অভিযানের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক জঙ্গিনেতা তামিমসহ তিনজন নিহতের খবর নিশ্চিত করেন। 
 
 
ইত্তেফাক/এমআই