ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে আফ্রিদির খেলা নিয়ে সংশয়

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৫:৪৭
সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে অনুষ্ঠিতব্য একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর একটি সূত্র জানিয়েছে আগামী ৭ সেপ্টেম্বরের ম্যাচটিতে নির্বাচকরা আফ্রিদিকে বিবেচনা নাও করতে পারেন। 
 
 
কিছুদিন যাবত হাঁটুর ইনজুরিতে ভুগছেন আফ্রিদি। সূত্রটি জানিয়েছে ইতোমধ্যেই আফ্রিদির এমআরআই স্ক্যান সম্পন্ন হয়েছে এবং এর রিপোর্টের ভিত্তিতেই আগামী কয়েক সপ্তাহ তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকার পরামর্শ দেয়া হয়েছে। গত এপ্রিলে টি টোয়েন্টিতে বিশ্বকাপের পরে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন আফ্রিদি। সূত্রটি ইঙ্গিত দিয়েছে জাতীয় দলের জন্য বিবেচিত হবার আগে আফ্রিদিকে জাতীয় টি২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের দুটি ম্যাচে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। আগামী মাসে ঘরোয়া এই চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু হবে।
 
গত বছর ওয়ানডে থেকে অবসর নেয়া আফ্রিদি সবসময়ই পাকিস্তানের হয়ে টি টোয়েন্টি জাতীয় দলে খেলতে মুখিয়ে থাকেন। কিন্তু নির্বাচকদের খুশি করতে হলে আগে তাকে শতভাগ ফিটনেসের প্রমাণ দিতে হবে। সূত্রটি আরো নিশ্চিত করেছে ইংল্যান্ডের টি টোয়েন্টি ম্যাচের জন্য উমর আকমল ও আহমেদ শেহজাদও বাদ পড়তে পারেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই দুজনই বর্তমানে দলের বাইরে রয়েছেন। যদিও পিসিবি চেয়ারম্যানের কাছে দু’জনেই ক্ষমা প্রার্থনা করেছেন। 
 
কিন্তু তারপরেও এখনই জাতীয় দলে দুজনের কেউই ফিরছেন না বলেই সূত্রটি জানিয়েছে। তবে আগামী ২৩-২৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে এই দুজন দলে ফিরতে পারেন। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি২০ ম্যাচটিতে নির্বাচকরা নতুন অল-রাউন্ডার আমাদ বাটকে বিবেচনা করতে পারেন বলে সূত্রটি ইঙ্গিত দিয়েছে। ফার্স্ট পোস্ট।
 
ইত্তেফাক/এসএসএ