অভিন্ন নদীতে একতরফা পানি ছাড়া উচিত নয় : ইনু

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৬:৫২
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি, তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, অভিন্ন নদীতে একতরফা ভাবে পানি ছাড়া উচিত নয়। ফারাক্কার গেট তুলে দেয়া সঠিক কাজ নয়। 
 
আজ রবিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভাঙন এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। উপজেলার মোকারিমপুর, বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের পদ্মা নদীতে ডুবে যাওয়া ৩৫০ জন পরিবারকে চাল প্রদান, ভাঙ্গন ও পদ্মা নদীতে ডুবে যাওয়া পারিবারের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। 
 
হাসানুল হক ইনু বলেন, জঙ্গী দমনে সরকারের সাফল্যের প্রশংসা না করে কূট প্রশ্ন করার মধ্যে জঙ্গিদের আড়াল করছে খালেদা জিয়া। 
 
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন. জেলা সভাপতি আলহাজ্ব মহাসিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, মোকারিমপুর ইউনিয়নের চেযারম্যান আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিকুর রহমান ছবি, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায়, জসসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু প্রমুখ।
 
তথ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া ও বিএনপি যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মত জঙ্গিদের বাঁচাতে পারবে না। জঙ্গি পরিচয় এবং জঙ্গি দমনের অভিযোগের পদ্ধতি কৌশল নিয়ে অহেতুক বিভ্রান্তি তৈরির অপচেষ্টার কি উদ্দেশ্য তা দেশবাসী বোঝেন। খালেদা জিয়া ও বিএনপি যতই বিভ্রান্তির জন্ম দিক না কেন যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারেনি। জঙ্গি দমনের অভিযানও আটকাতে পারবে না। জঙ্গিরা বঙ্গবন্ধুর খুনিদের মতই আত্মস্বীকৃত খুনি। পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি করে কোন লাভ নেই।
 
 
ইত্তেফাক/এমআই