আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, অতীতের ভুল শোধরাতে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে সেক্টর কমান্ডার্স ফোরাম ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ‘জিয়াউর রহমান কী মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি স্বাধীনতা চেয়েছিলেন? তিনি মুক্তিযুদ্ধের সময় জাহাজ থেকে পাকিস্তানের অস্ত্র খালাস করতে গিয়েছিলেন’।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের আর্মি অফিসার কর্নেল আসলাম বেগ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জিয়ার কাছে চিঠি লিখেছিলেন। চিঠিতে আসলাম বেগ বলেছিলেন- তোমার কর্মকাণ্ডে আমরা খুশি, তুমি এগিয়ে যাও। নিশ্চয়ই পাকিস্তানের পক্ষে জিয়া কাজ করেছিলেন বলেই- তারা খুশি হয়েছিলেন।’
তিনি বলেন, ‘জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তাকে স্বাধীনতার পদক দেওয়া ভুল সিদ্ধান্ত ছিলো। কিন্তু ভুল চিরদিন ভুল থাকতে পারে না। তাই সেটা শোধরাতেই এ পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গিদের জীবিত ধরতে বেগম জিয়ার মায়াকান্না দেখেই বোঝা যায় জঙ্গি হামলার নেপথ্যে বিএনপি-জামায়াতই রয়েছে। তিনি বলেন, যে পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গি নির্মূল করা হয় সেই একই পদ্ধতিতে আইন-শৃঙ্খলা রাক্ষাকারীবাহিনী অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে।
আয়োজক সংগঠনের নেতা আবু হানিফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের সহ সভাপতি নূরে আলম, মহাসচিব হারুন হাবিব প্রমুখ।
