হামেস রদ্রিগেজকে বিক্রি করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। শনিবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২০১ গোলে জয় পাওয়া ম্যাচে রিয়াল ২০১৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কলম্বিয়ার এ প্লে মেকারকে সাইড বেঞ্চ বসিয়ে রাখে।
হামেসকে সাইডলাইনে বসিয়ে রাখলেও তাকে ক্লাব থেকে অন্যত্র বিক্রি করে দেয়ার কোন ধরনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রিয়াল মাদ্রিদদের প্রধান কোচ জিনেদিন জিদান। গত জানুয়ারিতে প্রধান কোচের দায়িত্ব গ্রহণের পর থেকেই রদ্রিগেয়জকে সেরা একাদশের বাইরে রাখেন এই ফরাসি কোচ। এর মধ্যে আবার দলের মধ্যমাঠকে আরো শক্তিশালী করার লক্ষ্যে রিয়াল দলে ভিড়িয়েছেন সময়ের তুখোর ফুটবলার মার্কো এসেনসিও, ইসকো, টনি ক্রুস ও লুকা মড্রিচের মত তারকাদের।
শেষ ম্যাচে রদ্রিগেজ কেমন খেলেছে সাংবাদিকরা জানতে চাইলে জবাবে জিদান বলেন, আমি মনে করি না রিয়ালের হয়ে এটি রদ্রিগুয়েজের শেষ ম্যাচ। তবে সামনে কি ঘটছে তা দেখা ও জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
জিদান বলেন, আমার মতে হামেস ভাল খেলেছে। মাঠে নেমেই ব্যবধান গড়ে দেয়াটা সহজ কাজ নয়। তিনি এখানেই থাকছেন। শনিবারের এই জয়ের ফলে টানা ১৪টি লিগ ম্যাচে জয়ের ধারা রক্ষা করল রিয়াল মাদ্রিদ। যদিও অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে রিয়ালের এই জয় গুলো ছিল ন্যূনতম। তারপরও ধারাবাহিক জয়কেই গুরুত্ব দিয়েছেন জিদান। তিনি বলেন, এটি ঠিক যে আমরা প্রত্যাশা মোতাবেক খেলতে পারিনি। আমরা আজ মোটামুটি খেলেছি। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের ওপর বিশ্বাস রেখেছে খেলোয়াড়রা এবং আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
