রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভারত-বাংলাদেশ মৈত্রী ভবন নির্মাণের লক্ষ্যে আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব জনাব মোহাম্মদ মেজবাহউদ্দিন এই চুক্তি স্বাক্ষর করেন।
ভবনটিতে গবেষণাগার, প্রতিরূপ অপরাধচিত্রসমূহ এবং একটি নমুনা অপরাধ স্টেশন থাকবে। এছাড়া, এই প্রকল্পের আওতায় তিনটি কম্পিউটার ল্যাবসমেত একটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র, প্রত্যক্ষীকরণ (ভিজুয়ালাইজেশন) প্রযুক্তিসম্বলিত কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, তথ্যভাণ্ডার, একাডেমী তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পদ্ধতি এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কিং সুবিধা এই পুলিশ একাডেমিতে থাকবে।
২০১৫ সালের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ভারত-বাংলাদেশ মৈত্রী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ১০.৮৬ কোটি টাকা ধরা হয়েছে যার পুরোটাই ভারত সরকার কর্তৃক অনুদান হিসেবে প্রদান করা হবে।
ইত্তেফাক/এসএসএ
