একরাম হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২২:৫৬
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
গ্রেফতার জসিম উদ্দিন নয়ন (৩০) ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার আবদুল লতিফের ছেলে। 
 
রবিবার রাতে শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান। 
 
২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। 
 
এ মামলায় গ্রেফতারকৃত আসামিদের মধ্যে পাঁচজন জামিনে ও ১১ জন পলাতক রয়েছে। মামলাটি বর্তমানে ফেনী দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি