কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মুকুল মুন্সী (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দু’টি চাপাতি, গাছকাটা করাত এবং দড়ি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মশান এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর একটি সূত্র জানায়, রাতে মশান এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে র্যাব-১২ এর একটি দল সেখানে অভিযানে যায়। টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি করে।
বন্দুকযুদ্ধের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মুকুল নামে এক ডাকাত। তবে এসময় বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল-গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, নিহত মুকুলের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বার মাইল গ্রামে। তার বিরুদ্ধে ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে অর্ধডজন মামলা রয়েছে।
ইত্তেফাক/এএন
