পুলিশের ওপর হামলা হলে পুলিশ কী বসে থাকবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
গত শনিবার এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, জঙ্গিবাদের শিকড় নির্মূল ও তথ্য উদঘাটনের জন্য জঙ্গিদের জীবিত ধরা উচিত ছিল। কিন্তু জীবিত না ধরে হত্যা করা হচ্ছে।
খালেদা জিয়ার এই বক্তব্যে পর গতকাল রবিবার ইত্তেফাককে দেয়া এক প্রতিক্রিয়ায় কৃষিমন্ত্রী বলেন, খালেদা জিয়া অসত্য কথা বলেছেন। ইতিমধ্যে পুলিশ অনেক জঙ্গিকে জীবিত ধরেছে। কল্যাণপুর এবং শোলাকিয়া থেকে পুলিশ জীবিত জঙ্গিদের ধরেছে বলে তিনি উল্লেখ করেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, যখন জঙ্গিরা পুলিশের পর গ্রেনেড হামলা করে, তখন পুলিশ কী করবে। পুলিশ কী বসে থাকবে নাকি অ্যাকশনে যাবে প্রশ্ন রাখেন মন্ত্রী। তিনি পুলিশের কর্মকান্ড ও সাহসিকতার প্রশংসা করেন।
মন্ত্রী বলেন, গত শনিবার জঙ্গি তামিমকে পুলিশ আত্মসমর্পণ করতে বলেছিল। কিন্তু সে আত্মসমর্পণ করেনি। উল্টো পুলিধের ওপর গ্রেনেড হামলা করে। এভাবে প্রতিটি ক্ষেত্রেই জঙ্গিদের আত্মসমর্পন করতে বলা হয়েছিল। কিন্তু জঙ্গিরা পুলিশের ওপর হামলা করেছে।
ইত্তেফাক/এএন
