পাটের সুদিন ফিরে এসেছে রাজীবপুর ও রৌমারীতে

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০২:৪১
রৌমারী ও রাজীবপুর উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। হাটবাজারগুলোতে জমজমাট পাট বেচাকেনা শুরু হয়েছে। বাজারে পাটের চাহিদাও রয়েছে আবার দামও ভালো। ফলে কৃষক পাট বেচে মনের আনন্দে কেনাকাটা করছে। শনিবার সরেজমিনে হাটবাজার ঘুরে কৃষকের সঙ্গে কথা বলে সে তথ্যই পাওয়া গেল।
 
কৃষকরা জানান, গত বছর পাটের ভালো দাম এবং ফলন বাম্পার হওয়ার কারণে এ বছর অধিক জমিতে পাট চাষ করেছে। এবার পাটের ফলনও হয়েছে ভালো। বিঘাপ্রতি ১৫ থেকে ২০ মণ পাট পাওয়া যাচ্ছে। কৃষক সোনা মিয়া বলেন, ‘এবার দুই বিঘা জমিতে পাট আবাদ করছি। ৩০ থেকে ৩৫ মণ পাট পাব। এরই মধ্যে ১০ মণ পাট হাটে ১৫শ টাকা করে বিক্রি করছি। এই টাকা বাচ্চাদের ঈদের কেনাকাটা করব।’
 
পাইকারি পাট ক্রেতা মতিউর রহমান জানান, মিলগুলোতে একযোগে পাট কেনা শুরু হলে পাটের দাম আরো বাড়বে।
 
রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামসু্জ্জামান জানান, কৃষি বিভাগ থেকে সব সময় কৃষকদের পরামর্শ প্রদান করায় এবার পাটের ফলন ভালো হয়েছে। পাশাপাশি রোগ ও পোকামাকড়ের আক্রমণও কম ছিল। এবার কৃষকরা পাট বিক্রি করে লাভবান হবে।
 
রৌমারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজুল হক জানান, রৌমারীতে এবার পাটের বাম্পার ফলন হয়েছে।
 
 
ইত্তেফাক/এএন