বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন। অথচ কথায় আর চোখে-মুখে অবিশ্বাস ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচের!
অস্টেলিয়ান ওপেনের পর ফরাসি ওপেনের শিরোপা উচিয়ে ধরে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জিতে দুর্দান্তভাবে শুরু করেছিলেন বছরটা। কিন্তু হঠাৎ যেন সার্বিয়ান তারকার জীবনে ভর করে বসলো কালো মেঘের ছায়া। উম্বলডন আর রিও অলিম্পিকে ভুলে যাবার মতো সময় পার করার পর ‘ব্যক্তিগত’ সমস্যা আর ইনজুরির সেই মেঘ আজ ইউএস ওপেন শুরুর আগেও কাটিয়ে উঠতে পারেননি জকোভিচ।
বছরের সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম আসর শুরুর আগে তাই আকারে-ইঙ্গিতে যেন বুঝিয়ে দিতে চাইলেন: এবার ফেবারিট নই আমি। বাম হাতের কব্জির ইনজুরিটা যে এখনও ভোগাচ্ছে ১২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে ‘আমি শতভাগ ফিট নই। আশা করছি সোমবারের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। কব্জিটা সাড়ে তিন সপ্তাহ ধরে ঠিক নেই। আমি আমার চিকিৎসকদের সঙ্গে কাজ করে যাচ্ছি। যাতে শতভাগের কাছাকাছি ফিট হয়ে উঠতে পারি।’
গত মাসে উইম্বলডনে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন জকোভিচ। সাত বছরের ইতিহাসে কোন মেজর টুর্নামেন্টে যেটা সার্বিয়ান তারকার সবচেয়ে দ্রুততম বিদায়। তখন জানিয়েছিলেন ব্যক্তিগত সমস্যায় ভুগছিলেন তিনি। পরে রিও-তে দেখা দেয় ইনজুরি। ইউএস ওপেনের মতো আসরে সেটাকে জয় করে তৃতীয় শিরোপা জেতাটা তাই একটু কঠিনই হয়ে যেতে পারে শীর্ষ বাছাইয়ের জন্য।
সেমি-ফাইনাল পর্যন্ত যেতে পারলে জকোভিচের দেখা হয়ে যেতে পারে রাফায়েল নাদালের সঙ্গে। তার সামনেও প্রশ্ন চিহ্ন। ইনজুরির কারণে ২০১০ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকার সময়টাও ভালো যাচ্ছে না। অংশই নিতে পারেন নি উইম্বলডনে। এরপর রিও অলিম্পিকের দ্বৈতে স্বর্ণ জিতলেও এককে ব্রোঞ্জ পদক হারান জাপানের কেই নিশিকোরির কাছে। পরে যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে তৃতীয় রাউন্ডে হেরে যান ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
চলতি শতকে প্রথমবারের মতো ইনজুরির কারণে এবারের আসরে খেলতে পারবেন না সুইস কিংবদন্তি রজার ফেদেরার। আর প্রতিদ্বন্দ্বীদের এই ইনজুরিই শাপে ভর হতে পারে স্কটিশ তারকা অ্যান্ডি মারের জন্য। ফর্মটাও দুর্দান্ত যাচ্ছে তার। জকোভিচের কাছে ফরাসি ওপেনে হারের পর কুইন্স ক্লাব, উইম্বলডন ও অলিম্পিকে স্বর্ণ জিতে নিয়েছেন মারে। সিনসিনাটিতে হারলেও এবারের আসরে তার শিরোপা উচিয়ে ধরার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ২০১২ সালের চ্যাম্পিয়নের কণ্ঠে সুযোগ লুফে নেবার সুর, ‘যতটুকু পারা যায় আপনাকে সুযোগের সদ-ব্যবহার করতে হবে।’
দেখা যাক সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারেন তিন বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী।-সুপার স্পোর্টস/টেনিস.কম
ই্ত্তেফাক/এমএইচ
