নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার আট নেতাকে উড়ো চিঠিতে হত্যার হুমকি দিয়েছে।
রবিবার বিকেলে কে বা কারা পৌরসভা কাউন্সিলরদের কক্ষের জানালায় এ উড়ো চিঠি রেখে গেছে।
হুমকির শিকার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ বাদী হয়ে রাতেই স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
হুমকির শিকার বাকি নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য হাসান শরীফ খাঁন ববি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহআলম দেয়ান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন শুক্কুর ও পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ জানান, রবিবার বিকেল পৌণে চারটার দিকে কয়েকজন কাউন্সিলর পৌরসভার নির্ধারিত কাউন্সিলর কক্ষে সভা করছিলেন। এ সময় ওই কক্ষের জানালায় একটি চিরকুট দেখতে পাওয়া যায়। চিরকুটটি হাতে নিয়ে দেখা যায় এটা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি একটি উড়ো চিঠি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ বলেন, ‘এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ
