রামগঞ্জে ছিনতাইকালে জনতার হাতে আটক ৪

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৬:০৯
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চার ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ সময় খোরশেদ (২২) নামে অপর এক ছিনতাইকারী পালিয়ে যায়।
 
পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর পাটোয়ারি বাড়ির সামনে একই গ্রামের আব্দুল জাহেদ (২০), আরমান (১৯), রমজান (২১) ও ফারবেজ (১৭) অস্ত্রের মুখে এক প্রবাসীর কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রবাসীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে চারজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সোলাইমান মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে আটকদের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ