বেড়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্সশিপের কলেবর। প্রতিযোগিতাটিতে আগে যেখানে অংশ নিত ১৬টি দল, সেখানে ফ্রান্সে অনুষ্ঠিত এবারের আসরে অংশগ্রহণ করে ২৪ দল। ইউরো চ্যাম্পিয়ন্সশিপের এই সাফল্য মাথায় রেখে ফুটবল বিশ্বকাপও আরো বড় আকারে আয়োজনের কথা ভাবছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফুটবল বিশ্বকাপে অংশ নেয় ৩২টি দল। ১৯৯৮ সাল থেকে শুরু হয়েছিল ৩২ দলের বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামীতে ৪০ দলের বিশ্বকাপ আয়োজনের কথা চিন্তা করছে বলে জানিয়েছেন ইনফান্তিনো। সম্প্রতি সুইজারল্যান্ডের পত্রিকা ব্লিক’কে দেয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন, ‘৩২ থেকে ৪০ দলের বিশ্বকাপে যাওয়াটা অনেক বড় ব্যাপার। কিন্তু এতে করে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন ঘটানোর যে লক্ষ্য ফিফার আছে, সেটা পূরণ হবে।’ ফিফা প্রধানের মতে, বিশ্বকাপ এখন শুধু ফুটবল খেলা নয়, মানুষের জন্য বিশেষ কিছু।
এক্ষেত্রে সম্প্রতি ২৪ দলের ইউরো চ্যাম্পিয়ন্সশিপ আয়োজনের সাফল্য থেকে অনুপ্রেরণা পাচ্ছেন ইনফান্তিনো। আইসল্যান্ড, ওয়েলসের মতো দলগুলো যেভাবে সাফল্য পেয়েছে, তা অনেক বড় ব্যাপার বলেই মনে করছেন ফিফার বর্তমান সভাপতি, ‘আইসল্যান্ড, ওয়েলস, আলবেনিয়া বা হাঙ্গেরির দিকে দেখেন। তারা যা অর্জন করেছে সেটা দারুণ ব্যাপার। এই দেশগুলোতে যা হচ্ছে, তা নিয়ে আপনাকে গর্ব করতে হবে।’
অলিম্পিক ফুটবল নিয়েও নতুনভাবে চিন্তাভাবনা করা উচিত বলে মনে করেন ইনফান্তিনো। বর্তমানে অলিম্পিকে অংশ নেয় মূলত অনূর্ধ্ব-২৩ দল। যেখানে প্রতিটি দলে ২৩ বছরের বেশি খেলোয়াড় থাকতে পারেন মাত্র তিনজন। অলিম্পিকের মতো বড় আসরে এ রকম বয়সসীমা থাকা উচিত না বলেই মন্তব্য করেছেন ফিফা সভাপতি, ‘এটা একটা সমস্যা আর স্পর্শকাতর একটা ইস্যু। আমাদের এটা নিয়ে আলোচনা করা উচিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে।’ গোল ডটকম
ইত্তেফাক/এসএসএ
