গুরুদাসপুরে গোসল করতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৯:৩২
নাটোরের গুরুদাসপুরে গুমানি নদীতে গোসল করতে গিয়ে নবেল (১৮) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।  
 
সোমবার দুপুরে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় গাড়িষাপাড়া এলাকায় বড় ব্রিজঘাটের গুমানি নদীতে দলবেঁধে গোসল করতে গিয়ে নবেল নিখোঁজ হয়। সন্ধ্যা পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা যায়নি। নবেল গুরুদাসপুর বিলচলন শহীদ সামজ্জোহা সরকারি কলেজের  ব্যবসায় বাণিজ্য বিভাগের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। 
 
গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারে নবেলের বাড়ি। তার বাবার নাম আনোয়ার হোসেন। 
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নবেল তার কলেজের সহপাঠী মুন্না, নাজমুল ও মারজানের সাথে নদীতে গোসল করতে যায়। সহপাঠীদের সাথে নদীতে সাঁতার দেওয়াসহ ব্রিজের ওপর থেকে নদীতে লাফ দিতে থাকে। এক পর্যায়ে নবেল লাফ দেয়ার পর নদীতে নিখোঁজ হয়। সহপাঠীরা সাধ্যমত চেষ্টা করে ব্যর্থ হয় তাকে উদ্ধারে। 
 
গুরুদাসপুর ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে ফায়ারম্যান মাইদুল ইসলাম জানান, তাদের কাছে ডুবুরি দল কিংবা প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নেই। তারা রাজশাহী ডুবুরি দলকে জানিয়েছেন। তারা এলেই প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।