বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে দিন: জন কেরিকে হানিফ

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৯:৫৬
 
যুক্তরাষ্ট্রে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
 
সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইল বালক উচ্চ বিদ্যালয়ে যাত্রাবাড়ি থানা কৃষকলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
হানিফ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তিনি ইতিহাসের মহানায়ক। মহানায়ককে কোনো শক্তি মুছে দিতে পারে না। বঙ্গবন্ধুর আদর্শকে মনোজগতে লালন করতে হবে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। তিনিই ’৭১-এর যুদ্ধাপরাধীদের লালন পালন করেছেন। আর বেগম খালেদা জিয়াও প্রয়াত স্বামী মেজর জিয়াউর রহমানের একই পথ বেছে নিয়েছেন।
 
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক সামসুল হক রেজা, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা প্রমুখ।
 
ইত্তেফাক/এএম।