প্রথমবারের মতো টাইগারদের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে উচ্ছ্বসিত আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিজেদের ওয়েবসাইটে গতকাল সফরের কথা নিশ্চিত করেছিল। এ সময় ম্যাচ তিনটির সময়সূচীও প্রকাশ করেছিল এসিবি।
এসিবির ওয়েবসাইটে বলা হয়েছিল, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৫-৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ম ম্যাচটি ২৫ সেপ্টেম্বর, ২য় ম্যাচটি ২৭ সেপ্টেম্বর ও ৩য় ম্যাচটি ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গত রবিবার রাতে এই সিরিজের যে সময়সূচী ঘোষণা করেছেন তা ভিন্ন।
নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। তবে ম্যাচগুলো হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রতিটি ম্যাচের মাঝখানে এক দিন করে রিজার্ভ ডে চাওয়াতেই পরিবর্তনটা করতে হয়েছে। আগের সূচিতে প্রতিটি ম্যাচের মাঝে এক দিন করে বিরতি থাকলেও তিনি চান দুই দিনের বিরতি।
কারণটাও পরিষ্কার—আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই চান না বাংলাদেশ কোচ। বৃষ্টিতে খেলার সঙ্গে যেন জয়ের সম্ভাবনাও ভেসে না যায়, সে জন্যই তাঁর রিজার্ভ ডের প্রস্তাব। আর সূচি বদলানো হয়েছে এসিবির সঙ্গে আলোচনা করেই।
ইত্তেফাক/এমকেএইচ
