আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০২১ সালের মধ্যে শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে দেশে সুস্থ ও মেধাবী জনগোষ্ঠি গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা জোরদার করতে হবে। গতকাল সোমবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে ঝালকাঠীর স্বাস্থ্য সেবার মানোন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ঝালকাঠীসহ দেশের সকল জেলায় স্বাস্থ্য সেবা জোরদারের লক্ষ্যে চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই দশ হাজার নার্স নিয়োগ প্রদান সম্পন্ন করা হবে। তিনি বলেন, ঝালকাঠী সদর হাসপাতালকে আড়াইশ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিণত করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। দক্ষ সেবিকা তৈরি করতে এ জেলায় একটি নার্সিং কলেজ স্থাপনেরও কাজ চলছে।
শিল্পমন্ত্রী ঝালকাঠী জেলার স্বাস্থ্য সেবার গুণগত মানোন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন। আমির হোসেন আমু আরো বলেন, শিগগিরই সিরাজগঞ্জ শিল্পপার্ক প্রকল্পের কাজ শুরু হবে। ইতিমধ্যে এ প্রকল্পের প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে। আগামী একনেক বৈঠকে অনুমোদনের পরপরই এ প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে বলে তিনি জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কেরিকে ধন্যবাদ জানালেন নাসিম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন এবং তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল সোমবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়াধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ‘নিরাপদ খাদ্য:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সরকার জঙ্গিবাদকে নির্মূল করতে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। এর আগে মোহাম্মদ নাসিম জনস্বাস্থ্য ইনস্টিটিউটে নবগঠিত তথ্য প্রচার কেন্দ্র, মাইক্রো বায়োলজি ল্যাব, ভাইরোলজি ল্যাব, জেনেটিকস এন্ড জেনোমিঙ্ ল্যাব, ওয়েব সাইট, বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি), এমপিএইচ (এনসিডি) সহ নয়টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন।
এদিকে কর্তব্যরত অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হলে তাদের বিনামূল্যে চিকিত্সা সেবা দিতে হবে-এমন নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেসরকারি হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে গতকাল এ নির্দেশনা পাঠানো হয়।
ইত্তেফাক/এএন
