রিভিউ খারিজ : ফাঁসির কাষ্ঠে যেতে হচ্ছে মীর কাসেমকে

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৯:২৪
 
ফাঁসির কাষ্ঠে যেতে হচ্ছে জামায়াত নেতা মীর কাসেম আলীকে। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তার করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার সকাল ৯টায় এ রায় ঘোষণা করেন।
 
এর আগে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াতের মীর কাসেম আলী করা রিভিউ পিটিশনের ওপর রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি হয় ২৮ আগস্ট।
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর কমান্ডার ও জামায়াতের শুরা সদস্য মীর কাসেম আলীকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। চলতি বছরের ৮ মার্চ আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। রায়ে ১১ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ওই অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধকালে পবিত্র ঈদুল ফিতরের পরদিন মুক্তিযোদ্ধা জসিমকে আটক করে আলবদর সদস্যরা। ২৮ নভেম্বর মীর কাসেমের নির্দেশে আলবদররা তাঁকে দিনভর নির্যাতন করে। নির্মম অত্যাচারে জসিম মারা যান। পরে নিহত আরো পাঁচজনের সঙ্গে জসিমের মরদেহ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়।
 
ইত্তেফাক/আরএ