জয় দিয়ে ইউএস ওপেন শুরু নাদাল-জোকোভিচের

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৩:১১
জয় দিয়ে ইউএস ওপেন শুরু করেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। তবে কবজির ইনজুরি বেশ ভুগিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে।  এছাড়া জয় পেয়েছেন সাবেক নাম্বার ওয়ান স্প্যানিশ তারকা রাফায়েল নাদালও।
 
নিউইয়র্কের ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে প্রথম সেট চলাকালীন মেডিকেল বিরতি নিয়ে হাতের চিকিৎসা নেন জোকোভিচ। ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় সেটে পোল্যান্ডের জারজি জানোউইজের কাছে ৫-৭ গেমে হেরে ভক্তদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দেন সার্বিয়ান আইকন। অলিম্পিকের প্রথম রাউন্ডে বাদ পড়ার পুনরাবৃত্তি না হয়ে যায়!
 
পরে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এই নাম্বার ওয়ান।  তৃতীয় ও চতুর্থ সেটে প্রতিপক্ষকে আর কোনো সুযোগই দেননি ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ৬-২, ৬-১ গেমের দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন।
 
তবে নাদালের কোনো সমস্যাই চোখে পড়েনি। চেনা রূপেই ফিরেছেন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে। অলিম্পিক এককের সেমিফাইনালিস্ট ও ডাবলসে গোল্ড মেডেল জয়ের পারফরম্যান্সটাই টেনে আনেন ইউএস ওপেনে। উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে সরাসরি সেট ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন স্প্যানিশ তারকা।