সখীপুরে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৬:৩৫
টাঙ্গাইলের সখীপুরে নেশার কবল থেকে ফেরাতে না পেরে অবশেষে ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক বাবা। মঙ্গলবার উপজেলার শোলাপ্রতিমা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শোলাপ্রতিমা গ্রামের লুৎফর রহমানের ছেলে উজ্জ্বল হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে আসছিলেন। বাবা লুৎফর রহমান ছেলেকে অনেক চেষ্টা করেও নেশার জগৎ থেকে ফেরাতে পারেননি। আজ মঙ্গলবার দুপুরে তিনি ছেলেকে পুলিশে সোপর্দ করেন। পুলিশ উজ্জ্বল হোসেনকে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম তার কার্যালয়ে আদালত বসিয়ে নেশাগ্রস্ত  উজ্জ্বল হোসেনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। বাবা লুৎফর রহমান ছেলেকে অনেক চেষ্টা করেও নেশার জগৎ থেকে ফেরাতে পারেননি জানিয়ে বলেন, ‘উজ্জ্বল  নেশার টাকা না পেয়ে বাড়ি-ঘর ভাংচুরসহ পরিবারের লোকজনের ওপর নির্যাতন চালাতো। অতিষ্ঠ হয়েই ছেলেকে পুলিশে দিয়েছি’। 
 
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, আদালতের আদেশ পেয়ে উজ্জ্বল হোসেনকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।